একদিনে ১০০ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০২৬

১০০ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস

জয়নাল আবেদীন: কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের উদ্যোগে একদিনেই ১০০ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৭০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

কক্সবাজারে একদিনে সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসের নতুন রেকর্ড।

গত ২ সেপ্টেম্বর বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত টানা চার ঘণ্টারও বেশি সময় ধরে কক্সবাজার আদালত কম্পাউন্ডে এই মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম পরিচালিত হয়।

কক্সবাজার সিজেএম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিজেএম আদালতের মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে এই কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় কমিটির সদস্য ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং সদস্য

ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে চার ধরনের মাদক অন্তর্ভুক্ত ছিল ৩৩ লাখ ৬৫ হাজার ৩০২ পিস ইয়াবা ট্যাবলেট,

৪১১ লিটার ৩০০ মিলিলিটার দেশীয় চোলাই মদ, ৬৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৩৪ বোতল ফেনসিডিল।

কক্সবাজার সিজেএম আদালতের অধীন বিভিন্ন আদালতে চলমান মোট ১৪৯টি মাদক মামলা থেকে জব্দ করা এসব মাদকদ্রব্যই ধ্বংস করা হয়েছে।

মাদকদ্রব্য ধ্বংসের এই কার্যক্রমে কোর্ট ইন্সপেক্টর শাহ আলমসহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির অন্যান্য স্টাফ

এবং পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষের বরাত অনুযায়ী, বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য ধ্বংসের মাধ্যমে আদালতের নথিভুক্ত মামলাগুলোর জব্দকৃত আলামত নিষ্পত্তি প্রক্রিয়াও একধাপ এগিয়ে গেল।