জয়শ্রী রানী, নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (৩১ আগস্ট) সংগঠনটি নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়, যা মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বাজুস এই নতুন মূল্য নির্ধারণ করেছে।
এবার প্রতি ভরিতে ৪ হাজার ৭২৩ টাকা কমানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে
- ২২ ক্যারেট: ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা
বাজুস জানিয়েছে, নির্ধারিত এই বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে, ফলে গ্রাহকের কাছ থেকে এর বাইরে অতিরিক্ত কোনো ভ্যাট নেওয়া যাবে না।
তবে গহনার নকশা ও ডিজাইনের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে।
এছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।
পরবর্তী কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।
এর আগে শনিবার (২৯ আগস্ট) দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল।
সেদিন ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়।
ফলে টানা দুই দফা দাম কমানোর মধ্য দিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকায়।













