সৈয়দ আতিক ফয়সাল (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের নাম সংশোধন করে গেজেটভুক্ত করা
এবং নতুন আধুনিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে উপাচার্য বরাবর এই স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে দীর্ঘ ৬০ বছরের পুরোনো এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মর্যাদা রক্ষার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক (একাদশ-দ্বাদশ শ্রেণি) শাখা সক্রিয় থাকলেও প্রতিষ্ঠানের প্রশাসনিক নাম কেবল ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল’ হিসেবে পরিচিত।
এর ফলে উচ্চশিক্ষায় ভর্তি এবং কর্মক্ষেত্রে সার্টিফিকেট নিয়ে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
শিক্ষার্থীরা অবিলম্বে প্রতিষ্ঠানের নাম সংশোধন করে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’ নামে গেজেটভুক্ত করার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের দ্বিতীয় দাবিতে আধুনিক অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীর সংখ্যা কয়েকগুণ বাড়লেও সেই তুলনায় শ্রেণিকক্ষ বাড়েনি।
ফলে দীর্ঘদিন ধরেই শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাবের সংকটও এখন প্রকট।
এছাড়া পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ায় বৃষ্টির সময় পাঠদান ব্যাহত হচ্ছে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একটি আধুনিক ও সুসজ্জিত বহুতল একাডেমিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
-প্রেসপয়েন্টবিডি/শিক্ষা













