মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদরাসাসহ
দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বাদ জোহর নগরীর চকবাজারস্থ প্যারেড মাঠের উত্তর প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি চকবাজার, কাপাসগোলা, বাদশা মিয়া চৌধুরী সড়ক, হাজী পাড়া হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাব ওয়ালী বেগ খাঁ মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলে নেতাকর্মীদের হাতে "শিক্ষাঙ্গনে সন্ত্রাস নিপাত যাক", "হামলাকারীদের বিচার চাই",
"শিক্ষার পরিবেশ রক্ষা কর" লেখা ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করে "হামলার প্রতিবাদে রাজপথ ছাড়ি নাই" স্লোগানে নগরী মুখরিত করে তোলেন।
সমাবেশে উপস্থিত

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি মোমিনুল হক।
সঞ্চালনা করেন মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদ।সভাপতির বক্তব্যে মোমিনুল হক বলেন, "দেশের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীদের উপর ছাত্রদল-যুবদল-বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
এটি গণতন্ত্রের নামে নগ্ন সন্ত্রাস।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"তিনি আরও বলেন, "শিক্ষাঙ্গন হবে জ্ঞান চর্চার পবিত্র স্থান।
সেখানে দলীয় লেজুড়বৃত্তি, অস্ত্রবাজি ও সন্ত্রাসের কোনো স্থান নেই। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে শিক্ষাঙ্গনে সকলের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
"সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তাওহিদুল ইসলাম বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেরোবি, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া সহ
দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়।
শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
একই সাথে শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষাঙ্গনে যদি সন্ত্রাস বন্ধ না হয়
এবং হামলাকারীদের বিচার না করা হয়, তাহলে ছাত্রশিবির সারাদেশে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষা-প্রতিষ্ঠান শাখার দায়িত্বশীল
ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়













