চট্টগ্রামে ‘অংকুর বৃত্তি প্রকল্প’২৬ এর শুভ উদ্বোধন

প্রেসপয়েন্ট বিডি

প্রকাশ :আগস্ট ১, ২০২৬

চট্টগ্রামে ‘অংকুর বৃত্তি প্রকল্প’২৬ এর শুভ উদ্বোধন

 চট্টগ্রাম প্রতিনিধি (মোহাম্মদ আবদুল্লাহ মামুন সোহান): চট্টগ্রামে ‘অংকুর বৃত্তি প্রকল্প’২৬ এর শুভ উদ্বোধন।

শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন, বিকশিত হোক সত্যের ছোঁয়ায়" - এই প্রতিপাদ্যকে ধারণ করে শিক্ষার্থীদের মেধা, মনন

ও নৈতিকতার বিকাশের লক্ষ্যে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘অংকুর বৃত্তি প্রকল্প’২৬’। শিক্ষা মন্ত্রণালয়

নগরীর চট্টগ্রাম আইডিয়াল স্কুল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বৃত্তি প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ এই প্রকল্পের আয়োজক।

অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রাম আইডিয়াল স্কুলের এক শিক্ষার্থীর সুমধুর কুরআন তিলাওয়াতের মাধ্যমে মূল পর্বের সূচনা হয়।

এরপর ফাহিম সাবিকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন আয়োজক সংগঠনের সদস্য সচিব আনোয়ার হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে আনোয়ার হোসাইন বলেন, "আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেকাংশেই শুধু সার্টিফিকেট সর্বস্ব হয়ে গেছে।

কিন্তু প্রকৃত শিক্ষা হলো মানুষ গড়ার কারিগর। শুধুমাত্র জিপিএ-৫ অর্জন কিংবা পুঁথিগত বিদ্যাই শিক্ষার মূল উদ্দেশ্য হতে পারে না।

সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আগামী প্রজন্মকে অবশ্যই নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ হতে হবে।

অংকুর বৃত্তি প্রকল্প সেই দর্শন থেকেই নেওয়া। আমরা চাই মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি তাদের চরিত্র গঠনেও ভূমিকা রাখতে।"

অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অংকুরের ক্ষুদে শিল্পী ইমাম আহমেদ জাওয়াদ ও আবদুল্লাহর কণ্ঠে দেশাত্মবোধক গান, হামদ-নাত

এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের আবেগ জড়িত ‘জুলাই জাগরণী গান’ উপস্থিত দর্শক-শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে।

পুরো মিলনায়তন তখন করতালিতে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুরের চট্টগ্রাম মহানগর উপদেষ্টা আরাফাত হোসাইন।

‘শিক্ষা ব্যবস্থার স্বরূপ ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, "চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের শিক্ষার্থীদের শুধু বইয়ের পাতায় আটকে রাখলে চলবে না।

তাদেরকে প্রযুক্তি, সৃজনশীলতা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

বর্তমান যুগের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তনের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে।

আমার দৃঢ় বিশ্বাস অংকুরের এই বৃত্তি প্রকল্প শিক্ষার্থীদের সেই পথেই পরিচালিত করবে এবং আগামীর নেতৃত্ব তৈরি করবে।"

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ বলেন, "মেধা ও নৈতিকতা একে অপরের পরিপূরক।

একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। আমাদের সমাজে মেধাবী কিন্তু অসৎ মানুষের অভাব নেই। কিন্তু জাতি একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকই চায়।

অংকুর যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। আমি আশা করি এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত শিক্ষার্থীরা শুধু নিজেরাই উপকৃত হবে না, তারা সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।"

এমন একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য তিনি অংকুর কার্যনির্বাহীদের আন্তরিক সাধুবাদ জানান।

আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও সদস্য সচিব সম্মিলিতভাবে বৃত্তির অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের পর্দা উন্মোচন করেন।

এরপর অনুষ্ঠানস্থলে আগত বিপুল সংখ্যক উৎসাহী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন ফরম এবং সিলেবাস বিতরণ করা হয়।

উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানস্থলে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে শিক্ষার্থীদের জন্য ১৫% বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল।

উৎসবমুখর পরিবেশে অনেক অভিভাবক এই ছাড়ের সুযোগ নিয়ে তাৎক্ষণিকভাবে তাদের সন্তানদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

উপস্থিত সচেতন শিক্ষক ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের মেধা বিকাশের এই সৃজনশীল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন

এবং অংকুর বৃত্তি প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন।

অংকুর নেতৃবৃন্দ জানান, এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিভিন্ন শিক্ষা উপকরণ দিয়ে পুরস্কৃত করা হবে।

পাশাপাশি তাদের জন্য থাকবে ক্যারিয়ার কাউন্সেলিং ও মেধা বিকাশের বিশেষ কর্মশালা।

প্রেসপয়েন্টবিডি/শিক্ষা

আরো পড়ুন.... ঐতিহ্যের বুনন: জামদানি শাড়ির সুপ্রাচীন ইতিহাস ও গৌরবময় বিবর্তন