চট্টগ্রাম ব্যুরো: বৃষ্টিপাতের রেকর্ড চট্টগ্রামে।
গত ২৪ ঘন্টায় বানিজ্য নগরী চট্টগ্রামে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে।
এটি ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রের্কড ভেঙ্গেছে বলে জানা যায়। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নগরীর বেশকিছু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ।
এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অফিসের কর্মকর্তা মাহমুদুল আলম জানান, সাগরে নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ অতি ভারী বর্ষণ হয়েছে।
অন্যদিকে, সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
২৪ ঘণ্টার অতিবৃষ্টির কারণে নগরীর আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীরহাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মুরাদপুর ও চকবাজারের বিভিন্ন অলিগলিতে পানি জমে স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
জলাবদ্ধতার কারণে নগরীর বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া, ষোলশহর এলাকায় রেললাইন পানিতে ডুবে যাওয়ায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি যাত্রীসহ আটকে পড়ে,
যার ফলে চট্টগ্রাম-কক্সবাজার রেলযোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়।
নগরীর জিইসি এলাকার বাসিন্দ আজিজুল হক বলেন, সকালে অফিস যাওয়ার জন্য বাসা থেকে কোনরকম বের হই
তবে রাস্তা পানিতে ডুবে যাওয়ার কারণে অর্ধেক পথ থেকে ফেরত আসতে হয়।
অন্যদিকে,. ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনাও দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করছে এবং লালখান বাজার ও আকবরশাহ এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
-প্রেসপয়েন্টবিডি/জাতীয়/













