মোহাম্মদ আব্দুল্লাহ মামুন সোহান,চট্টগ্রাম প্রতিনিধি: মৃদ্ধ মৎস্যসম্পদ, সমৃদ্ধ লোহাগাড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সারাদেশের ন্যায় লোহাগাড়া উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য মাছের সহজলভ্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
আজ লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব বায়েজিদ বিন আখন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান চৌধুরী বলেন, "দেশের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার মৎস্যবান্ধব সরকার। দেশীয় মাছকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের উন্মুক্ত জলাশয়গুলোতে বেশি পোনা অবমুক্ত করতে হবে। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে সাধারণ মানুষের পুষ্টির চাহিদাও পূরণ হবে।"
উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদ বিন আখন্দ বলেন, লোহাগাড়ার জলাশয়গুলোতে মৎস্যসম্পদের সমৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি অবমুক্ত করা মাছের সুরক্ষায় সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। mofl.gov.bd
সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির আওতায় উপজেলার নির্বাচিত বিভিন্ন জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্য সম্পদের এই সমৃদ্ধি লোহাগাড়ার অর্থনীতি ও জনজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।













